দেশের সামগ্রিক অবস্থা নিয়ে উদ্বেগে ৮৪ শতাংশ জার্মান নাগরিক
রাজনীতি, অর্থনীতিসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত জার্মানরা। এসব বিষয় নিয়ে দেশটিতে বসবাসরত মানুষের ৮৪ ভাগই উদ্বিগ্ন বা খুবই উদ্বিগ্ন।
একটি প্রতিনিধিত্বমূলক জরিপে এ চিত্র উঠে এসেছে।
জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড আম জনটাগ’-এর জন্য এই জরিপটি চালিয়েছে ইনসা।
এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া মানুষের ৬৪ ভাগ মনে করেন, কোনো সম্ভাব্য জোট সরকারই দেশের সমস্যাগুলো সমাধান করতে পারবে না।
চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য-বামপন্থি এসপিডি জোট সরকারের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির সময়ে এসে এই জরিপের ফল প্রকাশিত হলো।
সরকারের ব্যর্থতার নানা দিক নিয়ে ৪২ ভাগ উত্তরদাতা জোটে থাকা দুই দলকেই সমানভাবে দায়ী করেছেন। ৩৭ শতাংশ উত্তরদাতা প্রধান দল সিডিইউকে এবং ১৪ শতাংশ এসপিডিকে দোষারোপ করেছেন।
৪৭ ভাগ উত্তরদাতা বলেছেন, তারা কট্টর ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) সঙ্গে সরকারের কোনো ধরনের সহযোগিতা চান না।
কিন্তু বাস্তবতা হলো, এএফডির প্রতি জনসমর্থন ক্রমশ বাড়ছে।
বর্তমানে জার্মানির প্রধান রাজনৈতিক দলগুলো কট্টর ডানপন্থিদের প্রভাব ঠেকাতে ‘ফায়ারওয়াল’ নীতি গ্রহণ করেছে। এই নীতির মাধ্যমে এএফডির সঙ্গে কাজ করার বা জোট গঠনের উদ্যোগ থেকে অন্যান্য রাজনৈতিক দলকে বিরত রাখা হচ্ছে।
তবে জরিপে অংশ নেওয়াদের ৪১ ভাগ বলেছেন, তারা এই ‘ফায়ারওয়াল’ নীতি প্রত্যাহারের পক্ষে।
এছাড়া প্রায় ৬৭ ভাগ উত্তরদাতা বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সামাজিক খাত ও কর সংস্কার ব্যর্থ হলে তারা মের্ৎস শাসনের পরিবর্তন চাইবেন।

