থাইল্যান্ডে মিললো দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম, ওজন ৯ হাতির সমান

স্টার অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে আবিষ্কৃত জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা এক বিশাল আকৃতির নতুন প্রজাতির ডাইনোসর শনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, এর ওজন ছিল প্রায় নয়টি পূর্ণবয়স্ক হাতির সমান।

বিজ্ঞানসাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, তৃণভোজী এই ডাইনোসরটির গলা ছিল লম্বা। মোট দৈর্ঘ্য ৮৮ ফুট (২৭ মিটার) এবং ওজন ছিল নয়টি পূর্ণবয়স্ক এশীয় হাতির সমান। অর্থাৎ, প্রায় ২৭ টন।

ডাইনোসর

গবেষকদের মতে, ডাইনোসরটি আজকের থাইল্যান্ড অঞ্চলে প্রায় ১০ থেকে ১২ কোটি বছর আগে বিচরণ করতো এবং এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর।

প্রধান গবেষক থিতিউট সেথাপনিচসাকুল বলেন, সাধারণ মানুষের মানদণ্ডে আমাদের ডাইনোসরটি বিশাল আকৃতির—সম্ভবত লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে আগে প্রদর্শিত ডিপি দ্য ডিপ্লোডোকাসের চেয়ে অন্তত ১০ টন বেশি ওজন ছিল এর।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের তথ্য অনুসারে, এই থাই পিএইচডি শিক্ষার্থী সৌরোপডটিকে (ডাইনোসর) “দ্য লাস্ট টাইটান” নামে অভিহিত করেছেন, কারণ এটি থাইল্যান্ডে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া সবচেয়ে নবীন শিলাস্তরগুলোর একটিতে আবিষ্কৃত হয়েছে।

ডাইনোসর

পরবর্তীতে এই অঞ্চলটি অগভীর সমুদ্রে পরিণত হয়েছিল। তাই এটি সম্ভবত দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া শেষ বা সবচেয়ে সাম্প্রতিক বৃহৎ সৌরোপড, বলেন তিনি।

প্রকাশিত গবেষণাপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিশাল এই প্রাণীর প্রথম জীবাশ্ম উত্তর-পূর্ব থাইল্যান্ডে স্থানীয় বাসিন্দারা এক দশক আগে খুঁজে পান। তবে খননকাজ শেষ হয় ২০২৪ সালে।

ইউসিএলের তথ্য অনুযায়ী, ডাইনোসরটির পূর্ণাঙ্গ আকারের একটি প্রতিরূপ বর্তমানে ব্যাংককের থাইনোসর মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে।