পাকিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলা ও গোলাগুলিতে ২১ পুলিশ সদস্য নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে একটি পুলিশ চৌকিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা ও পরবর্তী গোলাগুলিতে অন্তত ২১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আফগানিস্তান সীমান্তবর্তী এ জেলাতে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, এ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তাসংস্থা এপিকে বলেন, হামলাকারীরা একটি গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে নিরাপত্তা চৌকিটি ধসে পড়েছে।
হামলার পর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, পুলিশ চৌকিটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ইট-পাথর, আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ এবং দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহন। এ ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, বোমা হামলার পর ঘটনাস্থলে সহায়তা দিতে ছুটে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, পুলিশকে সহায়তা দিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল। কিন্তু সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।