হরমুজ নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান রাশিয়ার
হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া।
আল জাজিরার প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ রুশ দৈনিক ইজভেস্তিয়াকে বলেছেন, মস্কো এই প্রস্তাবকে সমর্থন করতে পারছে না।
আলিমভ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাহরাইনের খসড়া প্রস্তাবের সহ-উত্থাপনকারীদের আমরা এটি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। এ নিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ারও প্রয়োজন নেই, কারণ এই নথিতে আমরা এখনো কোনো সম্ভাবনা দেখছি না।’
তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের পক্ষ থেকে উত্থাপিত বিকল্প খসড়া প্রস্তাবে যুদ্ধ বন্ধ, শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা এবং আলোচনার টেবিলে বসে মতপার্থক্য সমাধানের আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের সংবাদমাধ্যমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবে কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিয়েছে।
তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় রাশিয়ার ভেটো ক্ষমতা রয়েছে। বিপরীতে উপসাগরীয় সমর্থক দেশগুলোর কোনোটি এর স্থায়ী সদস্য নয়।