দেশব্যাপী ইন্টারনেট বন্ধের নতুন রেকর্ড গড়েছে ইরান: নেটব্লকস
ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি যুগপৎ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এরপর একে একে কেটে গেছে ৩৭টি দিন। হামলা শুরুর অল্প সময় পর থেকেই ইরানে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ শুরু হয়।
নিমিষেই হাজারো ইরানবাসী মৌলিক চাহিদা হিসেবে বিবেচিত ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হতে থাকেন।
আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইন্টারনেট সেবা নিরীক্ষাকারী প্রতিষ্ঠান নেটব্লকস জানিয়েছে, মানব ইতিহাসে টানা এতো দীর্ঘ সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধের আর কোনো নজির নেই।
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় নেটব্লকস জানায়, ‘ইরান সবচেয়ে দীর্ঘদিন ধরে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ রাখার নতুন রেকর্ড গড়েছে। এ ধরনের তুলনীয় সকল ঘটনাকে ছাড়িয়ে টানা ৮৬৪ ঘণ্টা (৩৬ দিন) ধরে দেশটিতে ইন্টারনেট বন্ধ থাকার পর আজ ৩৭তম দিনে এসেও তা স্বাভাবিক হয়নি।’
⚠️ Update: #Iran's internet blackout is now the longest nation-scale internet shutdown on record in any country, exceeding all other comparable incidents in severity having entered its 37th consecutive day after 864 hours. pic.twitter.com/TmkesLqlKR
— NetBlocks (@netblocks) April 5, 2026
অপর এক বার্তায় নিরীক্ষক সংস্থাটি জানিয়েছে, কয়েকটি দেশে আরও দীর্ঘ সময়জুড়ে ইন্টারনেট বন্ধ থাকার নজির আছে।
তবে সে সব ক্ষেত্রে বিরতি দিয়ে দিয়ে সেবা বন্ধ বা শুধু সুনির্দিষ্ট অঞ্চলে বন্ধ রাখা হয়েছিল। অপরদিকে, উত্তর কোরিয়া কখনোই বৈশ্বিক ইন্টারনেটে যুক্ত হয়নি।’
ইরানের ইসফাহান শহরের এক ৪৭ বছর বয়সী নারী এএফপিকে রোববার জানান, ‘আমরা বারবার ইন্টারনেট সংযোগ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু খানিকটা নির্ভরযোগ্য খবর পেতে আমাদের এই প্রচেষ্টা।’
তেহরানের এক ৫৩ বছর বয়সী ব্যক্তি বলেন, ‘ইন্টারনেট ছাড়া থাকাকে আমার কাছে অক্সিজেনের অভাবে থাকার মতো মনে হয়। খাঁচায় বন্দী থাকার অনুভূতি হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আমার।’
তবে যুদ্ধের সময়টুকুতে চালু আছে। সরকারি বিধিনিষেধের আওতাধীন এই সেবায় শুধু সুনির্দিষ্ট কয়েকটি স্থানীয় ওয়েবসাইট ব্যবহার করা যায়।
তবে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা বা ইনস্টাগ্রামের মতো নিষিদ্ধ ঘোষিত সামাজিক মাধ্যম ব্যবহার করতে অনেকেই ভিপিএনের দিকে ঝুঁকছেন।
তবে ভিপিএন ব্যবহারের বিষয়টি প্রমাণ হলে ইরানের নাগরিকরা গ্রেপ্তার হতে পারেন। এই ‘অপরাধে’ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হতে পারে। অনেকেই এ বিষয়ে সতর্কতামূলক এসএমএস পেয়েছেন।
ইরানে সামান্য সংখ্যক স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবার গ্রাহক আছেন। তবে এই সেবাও নিষিদ্ধ ঘোষণা করেছে ইরানের সরকার।
জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে টানা ১৮ দিন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।
ওই বিক্ষোভে সরকারী বাহিনীর সহিংসতার শিকার হয়ে হাজারো ইরানবাসী নিহত হন।
