বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, জানাল নেটব্লকস

স্টার অনলাইন ডেস্ক

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে। এমনটি জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার এমন পরিস্থিতি তৈরি হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, এই ইন্টারনেট ব্ল্যাকআউট দেশজুড়ে চলমান বিক্ষোভকে লক্ষ্য করে নেওয়া ধারাবাহিক ও ক্রমবর্ধমান ডিজিটাল সেন্সরশিপের অংশ। এতে সংকটপূর্ণ মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।

রাজধানী তেহরান এবং প্রধান শহর মাশহাদ ও ইস্পাহানের বাসিন্দারা রয়টার্সকে জানান, বৃহস্পতিবার বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। 

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের সাবেক শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বুধবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় জোরালো বিক্ষোভের আহ্বান জানান।

চলমান পরিস্থিতিতেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশজুড়ে শহরগুলো শান্ত রয়েছে।

এই বিক্ষোভ গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় অসন্তোষের ঢেউ। গত মাসে তেহরানের দোকানি ও ব্যবসায়ীরা মুদ্রার মূল্যমানের পতনের প্রতিবাদ জানান। এর মাধ্যমেই বিক্ষোভের সূচনা হয়।

এরপর থেকে সরকারি অব্যবস্থাপনা ও পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট লাগামছাড়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর কড়াকড়ি নিয়ে বাড়তে থাকা ক্ষোভের মধ্যে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় সংবাদমাধ্যম এবং সরকারি ঘোষণার তথ্যের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা এএফপি বলছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।