হোয়াইট হাউসের কাছে গুলির শব্দ, তদন্তে সিক্রেট সার্ভিস

স্টার অনলাইন ডেস্ক

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে একটি পার্কে গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় কেউ হতাহত বা গ্রেপ্তার হয়নি। 

মার্কিন সিক্রেট সার্ভিসের বরাতে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের ঠিক বিপরীতে অবস্থিত লাফায়েট পার্কে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে গুলির শব্দ শোনা যায়। 

ঘটনার পর পরই পার্ক ও আশপাশের এলাকায় তল্লাশি চালায় সিক্রেট সার্ভিস। 

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সন্দেহভাজনকেও আটক করা যায়নি।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। 

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, লাফায়েট পার্কটি কয়েক সপ্তাহ ধরে সংস্কারের কাজের জন্য ঘেরা রয়েছে।