ইরান যুদ্ধে এ পর্যন্ত প্রাণহানি কত?

স্টার অনলাইন ডেস্ক

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। পাল্টাপাল্টি হামলা এখনো চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার প্রাণহানির খবর সামনে এসেছে।

২২ মার্চ পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী দেশভিত্তিক নিহতের তালিকা নিচে দেওয়া হলো। তবে রয়টার্স এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ গত ২১ মার্চ জানায়, ইরানে এ পর্যন্ত তিন হাজার ২৩০ জন নিহত হয়েছেন। সংস্থাটির মতে, নিহতদের মধ্যে এক হাজার ৪০৬ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে অন্তত ২১০টি শিশু রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তারা মাঠ পর্যায়ের প্রতিবেদন, স্থানীয় যোগাযোগ সংস্থা, চিকিৎসা ও জরুরি সেবা সংস্থা, সুশীল সমাজ নেটওয়ার্ক, ওপেন সোর্স তথ্য এবং সরকারি বিবৃতির মাধ্যমে প্রাণহানির এই তথ্য সংগ্রহ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা এক হাজার ৭০ জন। তবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গত ৬ মার্চ জানিয়েছিলেন যে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত এক হাজার ৩৩২ জন নিহত হয়েছেন। তথ্যের এই অমিলের কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলায় অন্তত ১০৪ জন নিহতের খবর জানিয়েছিল ইরানের সামরিক বাহিনী। এই সংখ্যাগুলো সরকারি নিহতের তালিকার অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়।

লেবানন

যুদ্ধের আগে থেকেই ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে আসছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে আসছে। লেবানিজ কর্তৃপক্ষের মতে, ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে প্রায় এক হাজার ২৯ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং লেবাননের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ১০০ জনেরও বেশি শিশু।

ইরাক

ইরাকি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, দেশটিতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য। বন্দর নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকি বন্দরের কাছে ট্যাঙ্কারে হামলায় একজন বিদেশি ক্রু নিহত হয়েছেন।

ইসরায়েল

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ১ মার্চ জেরুজালেমের কাছে বেইত শেমেসে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জনসহ মোট ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের দুই সেনাও নিহত হয়েছে। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চার ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

আরেক ঘটনায় ২২ মার্চ লেবানন সীমান্তের কাছে নিজ গাড়িতে থাকা এক ইসরায়েলি নিহত হন। ইসরায়েলি বাহিনী প্রথমে জানিয়েছিল, এই হামলা লেবানিজ ভূখণ্ড থেকে চালানো হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পর সামরিক বাহিনী জানায়, তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতেই নিহত হয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরাকে একটি রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন এবং ইরানের বিরুদ্ধে অভিযান চলাকালে আরও সাতজন নিহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইরানি হামলায় দেশটিতে দুই সেনাসহ মোট আটজন নিহত হয়েছেন।

কাতার

কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানিয়েছে, ২২ মার্চ কাতারের জলসীমায় 'রুটিন ডিউটি' চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

নিহতদের মধ্যে চারজন কাতার সশস্ত্র বাহিনীর সদস্য, একজন কাতার-তুরস্ক যৌথ বাহিনীর সদস্য এবং দুইজন টেকনিশিয়ান।

কুয়েত

কুয়েত কর্তৃপক্ষ ছয়জনের নিহত হওয়ার খবর জানিয়েছে। এর মধ্যে ইরানের হামলায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা এবং দুই সেনা সদস্য রয়েছেন।

সিরিয়া

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদাতে একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে চারজন নিহত হন।

ওমান

১৩ মার্চ ওমানের সোহর প্রদেশের একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা আলোচনার আয়োজক দেশটিতে এটিই ছিল প্রথম প্রাণহানি। এর আগে মাস্কাট উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে গোলার আঘাতে একজন নিহত হন।

সৌদি আরব

রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় হামলায় দুইজন নিহত হন।

বাহরাইন

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের পৃথক দুটি হামলায় দুজন নিহত হয়েছেন। সর্বশেষ হামলাটি হয় রাজধানী মানামার একটি আবাসিক ভবনে।

ফ্রান্স

উত্তর ইরাকে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ দেওয়ার সময় ড্রোন হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং ছয়জন আহত হন।