ইরানের ড্রোন হামলায় কুয়েতে বহুতল ভবনে আগুন
কুয়েতের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুয়েত সিটির সুউচ্চ টাওয়ারে আগুন জ্বলছে। আল জাজিরা জানায়, টাওয়ারটিতে কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির সদর দপ্তর অবস্থিত।
এ ছাড়া উপসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বোমাবর্ষণের মধ্যেই পাল্টা হামলা চলছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ঠেকানোর সময় ধ্বংসাবশেষ পড়ে কিছু বেসামরিক স্থাপনার ক্ষতি হয়েছে।
কুয়েত সেনাবাহিনীর এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা পোস্টে মুখপাত্র আরও জানান, দেশটির বিমানবাহিনী ‘শত্রুপক্ষকে আকাশপথে মোকাবিলা অব্যাহত রেখেছে’। তিনি কুয়েতের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।