বিশ্বজুড়ে মানবাধিকার আক্রমণের মুখে: জাতিসংঘ মহাসচিব

স্টার অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী মানবাধিকার আক্রমণের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বিভিন্ন সংঘাতে বেসামরিক মানুষের দুর্ভোগের প্রেক্ষাপটে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গুতেরেস বলেন, 'আইনের শাসনকে শক্তির শাসন দ্বারা পরাস্ত করা হচ্ছে। মানবাধিকারকে ইচ্ছাকৃতভাবে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে।'

অর্থায়ন কমে যাওয়ায় 'টিকে থাকার লড়াইয়ে' থাকা জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থাকে গুতেরেস জোরালোভাবে সমর্থন করেন।

তিনি বলেন, 'মানবিক চাহিদা দ্রুত বাড়ছে, অথচ অর্থায়ন ধসে পড়ছে।'

রয়টার্সের প্রতবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অর্থায়ন কমিয়ে দেওয়ার পর সংস্থাটির অন্যান্য অংশের মতোই জাতিসংঘের মানবাধিকার দপ্তর আর্থিক সংকটে রয়েছে।

জাতিসংঘের এক মুখপাত্র রয়টার্সকে জানান, ফেব্রুয়ারিতে ওয়াশিংটন জাতিসংঘের কাছে বকেয়া থাকা চার বিলিয়ন ডলারেরও বেশি অর্থের মধ্যে প্রায় ১৬০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।