কোরবানি ঈদে স্বাস্থ্যসচেতনতা: আনন্দের মাঝেও সুস্থ থাকার উপায়
গ্রামাঞ্চলে অনেকেই মজার ছলে কোরবানির ঈদকে ‘গোশত খাওয়ার ঈদ’ বলে থাকেন। ঈদের দিনে প্রায় প্রতিটি পরিবারেই অনেকটা পরিমাণে কোরবানির মাংস থাকে। তাই বেশ আয়োজন করে মাংসের বিভিন্ন পদ রান্না করা হয়। তবে এ সময় অতিরিক্ত মাংস খাওয়া, অনিরাপদ খাদ্য সংরক্ষণ ও অপরিচ্ছন্নতা নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই আনন্দের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতাও সমান গুরুত্বপূর্ণ।
মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন ও আয়রন থাকে, যা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তবে এতে উচ্চমাত্রায় ফ্যাট ও কোলেস্টেরলও থাকে। তাই অতিরিক্ত মাংস খেলে শরীরে নানা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে, যেমন বদহজম, হাইপারকোলেস্টেরোলেমিয়া ও হৃদরোগ।
কোরবানি ঈদে স্বাস্থ্যসচেতনতা নিয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন এমএইচ সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল।
তিনি বলেন, ‘কোরবানি ঈদ শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। একজন পুষ্টিবিদ হিসেবে আমি মনে করি, ঈদের আনন্দ বজায় রেখেও স্বাস্থ্যসচেতন থাকা খুব গুরুত্বপূর্ণ।’
যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও এথেরোসক্লেরোসিস আছে, ঈদের আগে অবশ্যই তাদের একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। আর যদি নির্দিষ্ট কোনো ডায়েট প্ল্যান অনুসরণের পরামর্শ দেওয়া হয়, তাহলে ঈদের সময়ও সেটি অবশ্যই মেনে চলা উচিত।
অতিরিক্ত মাংস খাওয়া এড়ানো
ঈদের সময় অনেকেই একসঙ্গে অতিরিক্ত গরু বা খাসির মাংস খেয়ে ফেলেন। এটি নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন বদহজম, অ্যাসিডিটি, রক্তে ফ্যাটের পরিমাণ বেড়ে যাওয়া এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া। এছাড়াও অনেক সময় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও বেড়ে যেতে পারে।
বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং ডায়াবেটিস, কিডনি রোগ, হৃদরোগ বা ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের এ বিষয়ে বেশি সতর্ক থাকা জরুরি।
মাংস রান্নার স্বাস্থ্যকর পদ্ধতি
স্বাস্থ্যসম্মতভাবে মাংস রান্না করা খুবই গুরুত্বপূর্ণ। মাংস রান্নার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলা জরুরি। যেমন—
অতিরিক্ত তেল ও ঘি ব্যবহার থেকে বিরত থাকা।
চর্বি (ভিজিবল ফ্যাট) যতটা সম্ভব ফেলে দেওয়া।
বারবার মাংস ভাজা বা পোড়ানো (বারবিকিউ) এড়িয়ে চলা।
বেশি মশলা ও অতিরিক্ত ঝালের ব্যবহার সীমিত রাখা।
মাংসের বিভিন্ন পদের সঙ্গে প্রচুর পরিমাণে সবজি ও সালাদ রাখা।
লাল মাংসের পরিমাণ নিয়ন্ত্রণ
সাধারণত এক বেলায় ৬০–৯০ গ্রাম রান্না করা মাংসই যথেষ্ট। বারবার মাংস না খাওয়াই ভালো। এছাড়া ঈদ-পরবর্তী সময়ে মাংসের পাশাপাশি খাবারের টেবিলে মাছ, ডাল, ডিম ও মুরগি রাখলে শরীরের ওপর অতিরিক্ত মাংস খাওয়ার চাপ পড়ে না এবং খাদ্যতালিকায় একটি ভারসাম্য বজায় থাকে।
খাদ্য নিরাপত্তা ও সংরক্ষণ
ঈদের সময় ভুল সংরক্ষণের কারণে অনেক খাদ্যবাহিত রোগ দেখা দেয়। তাই কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
কাঁচা মাংস দুই ঘণ্টার বেশি বাইরে না রাখা।
ছোট ছোট ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করা।
কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা।
ফ্রিজে রাখার আগে পরিষ্কার প্যাকেট ব্যবহার করা।
মাংস পুনরায় গরম করার সময় ভালোভাবে গরম করা।
পর্যাপ্ত পানি পান ও হজমের যত্ন
অতিরিক্ত প্রোটিনের সঙ্গে পর্যাপ্ত পানি পান না করলে কোষ্ঠকাঠিন্য, ডিহাইড্রেশন ও কিডনির ওপর চাপ বাড়তে পারে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে এবং প্রতিদিনের খাদ্যতালিকায় শসা, টমেটো, ফল ও সালাদ রাখতে হবে। এর পাশাপাশি হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে শরীরের উপকার হয়।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা
এটি জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, রক্ত ও আবর্জনা দ্রুত পরিষ্কার করা, ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক ব্যবহার করা এবং মাছি-মশার উপদ্রব প্রতিরোধ করা খুব জরুরি।
মানসিক ও সামাজিক স্বাস্থ্য
ঈদের একটি বড় শিক্ষা হলো ভাগাভাগি করা, অসহায়ের পাশে দাঁড়ানো, অপচয় না করা এবং পরিমিতি বজায় রাখা। অতিরিক্ত খাওয়া বা অপচয়ের চেয়ে ‘সুস্থ ও সুষম উদযাপন’ বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে, কোরবানির প্রকৃত শিক্ষা শুধু ভোগ নয়; বরং পরিমিতি, পরিচ্ছন্নতা ও মানবিকতা।
পরিমিত খাবার, নিরাপদ সংরক্ষণ, পরিচ্ছন্ন পরিবেশ ও সক্রিয় জীবনযাপন; এসবই হতে পারে সুস্থ ও সুন্দর ঈদের চাবিকাঠি।