হাম উপসর্গের শিশুদের জন্য ২০ শয্যার ফিল্ড হাসপাতাল
হাম উপসর্গ নিয়ে আসা শিশুদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হতে যাচ্ছে ২০ শয্যাবিশিষ্ট ফিল্ড হাসপাতাল। হামের পর ডেঙ্গু রোগীদের জন্যেও এটি ব্যবহৃত হবে।
আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় এমনকি সব ধরনের ওষুধ সরবরাহ করা হবে এখানে।’
পরিচালক আরও বলেন, ‘গতরাতেই সেনাবাহিনী কাজ শেষ করেছে। চারপাশে তাঁবু টাঙিয়ে দিয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা না হয়। ভেতরে ২০টি বেড দেওয়া আছে। এছাড়া ৯টি এসির ব্যবস্থা করা হয়েছে।’
‘আজ ঢাকা মেডিকেলের গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেন নির্মাণে কাজ চলছে, যাতে পানি না জমে। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগের কাজও চলছে। খুব শিগগির এটি চালু করা হবে,’ বলেন মো. আসাদুজ্জামান।
