মানিকগঞ্জে স্বাস্থ্য বিভাগের অভিযান: ২ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে একটি হাসপাতালকে সতর্ক করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুমের অনুপস্থিতি এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এ ছাড়া, মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কর্তব্যরত চিকিৎসক অনুপস্থিত ছিলেন এবং লেবার রুমও পাওয়া যায়নি।

এ ছাড়া, তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে একাধিক অনিয়ম ধরা পড়ে বলেও জানানো হয়।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘মানিকগঞ্জে জনবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’