২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৫ রোগীর মৃত্যু, হাসপাতালে ৮৪১

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, ডেঙ্গুতে এ নিয়ে মোট ২৩৮ জনের মৃত্যু হলো। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে।

ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ৫৩ হাজার ৩৫৪ জন ডেঙ্গু শনাক্ত রোগী বাড়ি ফিরে গেছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন দুই হাজার ৬৬৫ জন। এর মধ্যে এক হাজার ৬৯৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।