হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট ৯৮৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৬। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২ জন ও সিলেট বিভাগে একজন মারা গেছে।
একই সময়ে ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এতে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৫২৭ জনে।
২৪ ঘণ্টায় আরও ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।