হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৮৯০

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯০।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৭৬ জনে।