লাহাইনা নুন

যে দুপুরে নিজের ছায়া দেখা যায় না

স্টার অনলাইন ডেস্ক

চিরন্তন সত্যের উদাহরণ দিতে প্রথমেই যে বাক্য মাথায় আসে, সূর্য পূর্ব দিকে উঠে ও পশ্চিমে অস্ত যায়। তবে সূর্য সব সময় কিছুটা হেলে থাকে, এমনকি দুপুরেও। কিন্তু সূর্য ঠিক মাথার উপর রয়েছে—এমন কি হতে পারে?

জ্যোতির্বিজ্ঞানে এই ঘটনাকে বলা হয় ‘লাহাইনা নুন’। প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জে ঠিক এ রকমই এক ঘটনা ঘটতে যাচ্ছে। এই অঙ্গরাজ্যের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ইতিহাসবিষয়ক জাদুঘর বিশপ মিউজিয়াম এই ঘটনাটির এই নাম দিয়েছে।

সূর্য এই সময় দ্বীপপুঞ্জের প্রায় ঠিক ওপর দিয়ে অতিক্রম করে। ফলে খাড়া বস্তুগুলোর ছায়া খুব সামান্য থাকে বা একেবারেই দেখা যায় না।

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় ২ হাজার ৪০০ মাইল দূরে হাওয়াই দ্বীপপুঞ্জে এমন কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে, যার সঙ্গে দেশটির অন্যান্য অঞ্চলের মানুষও পরিচিত না।

‘লাহাইনা নুন’ তেমনই একটি ঘটনা। এটি নির্দিষ্ট সময়ে ও উপযুক্ত জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানে ঘটে।

বছরে দুইবার—মে ও জুলাইয়ে সূর্য পৃথিবীর কিছু অংশে ঠিক মাথার ওপর দিয়ে ৯০ ডিগ্রি কোণে অতিক্রম করে।

‘লাহাইনা নুন’-এর সময় সূর্য যখন দ্বীপপুঞ্জের ঠিক ওপর দিয়ে যায়, তখন পতাকাদণ্ড, বিদ্যুতের খুঁটি কিংবা ফায়ার হাইড্র্যান্টের মতো খাড়া বস্তুর ছায়া মাটিতে পড়ে না।

এই বিরল ঘটনাটি কেবল কর্কট ও মকরক্রান্তির মধ্যবর্তী উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ঘটে। যুক্তরাষ্ট্রের একমাত্র হাওয়াই অঙ্গরাজ্যে ‘ছায়াহীন’ প্রাণী-বস্তুর দেখা মেলে।

‘ছায়াহীন’ দিনটির সঙ্গে হাওয়াই দ্বীপের বাসিন্দারা পরিচিত হলেও এর আনুষ্ঠানিক নাম ছিল না। পরে, বিশপ মিউজিয়াম এর নামকরণের জন্য প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় ‘লাহাইনা নুন’ নামটি বিজয়ী হয়।

মিউজিয়ামটি জানিয়েছে, ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত এই ‘ছায়াহীন দুপুর’ দ্বীপপুঞ্জের অন্যান্য জায়গায় দেখা যাবে।

মাউই দ্বীপের কাহুলুইয়ে আগামীকাল রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ২৩ মিনিটে সূর্য ঠিক মাথার উপর থাকবে। এরপর আবার ১৮ জুলাই দুপুর ১২টা ৩২ মিনিটে দেখা যাবে এমন ‘ছায়াহীন দুপুর’।

লানাই দ্বীপের প্রধান শহর লানাই সিটিতে ‘ছায়াহীন দুপুর’ হবে একই দিনে, ১২টা ২৪ মিনিটে এবং ১৮ জুলাই দুপুর ১২টা ৩৪ মিনিটে।

মোলোকা’ই দ্বীপের কাউনাকাকাই এলাকায় ‘ছায়াহীন দুপুর’ হবে সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে ও ১৭ জুলাই দুপুর ১২টা ৩৪ মিনিটে।

ও’আহুর হনুলুলুতে এই ঘটনা ঘটবে মঙ্গলবার দুপুর ১২টা ২৮ মিনিটে ও ১৫ জুলাই দুপুর ১২টা ৩৭ মিনিটে।

ও’আহুর কানে’ওহেতে ‘ছায়াহীন দুপুর’ আসবে বুধবার ১২টা ২৮ মিনিটে এবং ১৫ জুলাইয়ের ১২টা ৩৭ মিনিটে।

ও’আহু দ্বীপের হালেই’ওয়ায় এ ঘটনা ঘটবে বৃহস্পতিবার ১২টা ২৯ মিনিটে ও ১৪ জুলাই ১২টা ৩৮ মিনিটে।

কাউয়া’ই দ্বীপের লিহু’এ অঞ্চলে ‘ছায়াহীন দুপুর’ দেখা যাবে আগামী ৩০ মে ১২টা ৩৫ মিনিটে ও ১১ জুলাই ১২টা ৪৩ মিনিটে।