আগস্টের আগে সূর্যাস্ত দেখবে না যে শহরবাসী

এই শহরটি এবার বার্ষিক ‘মিডনাইট সান’ আবর্তে প্রবেশ করতে যাচ্ছে। আগামী আগস্ট পর্যন্ত সেখানে সূর্য দিগন্তের উপরেই থাকবে।
আবু তালহা
আবু তালহা

গত ৮৩ দিন সূর্য ডোবেনি উত্তর মেরুর আলাস্কার উটকিয়াগভিকে। আগামীকাল রোববার স্থানীয় সময় রাত ১টা ৪৮ মিনিটে সূর্য অস্ত যাবে। এরপর আবার উদয় হবে রাত ২টা ৫৭ মিনিটে এবং আগামী আগস্টের শুরু পর্যন্ত দিগন্তের উপরে থাকবে।

সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে সেই শহরের বাসিন্দাদের আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

একেডিটি বা আলাস্কা ডেলাইট টাইম অনুসারে বাংলাদেশ থেকে এর সময়ের ব্যবধান ১৪ ঘণ্টা (পেছনে)।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের অঙ্গরাজ্য আলাস্কার সবচেয়ে উত্তরের শহর উটকিয়াগভিক আগে ব্যারো নামে পরিচিত ছিল। আর্কটিক মহাসাগরের তীরে অবস্থানের কারণে সেখানে সারা বছর আলো-অন্ধকারের নাটকীয় পরিবর্তন দেখা যায়—গ্রীষ্মকালীন অয়নকালে টানা সূর্যালোক থেকে শুরু করে শীতকালে টানা কয়েক সপ্তাহ অন্ধকার।

চলতি বছর আগামী ২ আগস্ট পর্যন্ত এই শহরটিতে ২৪ ঘণ্টা দিনের আলো থাকবে। এরপর সূর্য আবার দিগন্তের নিচে নামবে।

উটকিয়াগভিক
ছবি: সংগৃহীত

এই শহরে প্রায় ৫ হাজার মানুষের বাস। এ ধরনের চরম পরিস্থিতি তাদের জন্য নতুন নয়। তবে সারাক্ষণ দিনের আলো থাকলেও গ্রীষ্মের উষ্ণতা আশা করা যায় না। জুলাই সাধারণত বছরের উষ্ণতম মাস হলেও, ঐতিহাসিকভাবে গড় সর্বোচ্চ তাপমাত্রা মাত্র প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস (৪৯ ডিগ্রি ফারেনহাইট)।

তাপমাত্রা কোনো কারণে ২১ ডিগ্রি সেলসিয়াসে (৭০ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাতে পারে; তবে এমন ঘটনা বিরল। সর্বোত্তরের এই অঞ্চলে গ্রীষ্মকালেও তুষারপাত অস্বাভাবিক ঘটনা নয়। গত বছরের জুনেও ৭ দিন তুষার পড়েছিল।

সাধারণত ডিসেম্বরের শুরুতে শহরটির তাপমাত্রা এক অঙ্কেই সীমাবদ্ধ থাকে। তবে এর আগে ২০২২ সালের ডিসেম্বরে আলাস্কার সুদূর উত্তরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি নতুন মাইলফলক স্পর্শ করে।

ওই বছরের ৫ ডিসেম্বর সকালে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি (৪০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল ডিসেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে ১৯৭২ সালে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস (২৬ ডিগ্রি ফারেনহাইট) এবং ১৯৩২ সালের ডিসেম্বরে ১ ডিগ্রি সেলসিয়াস (৩৪ ডিগ্রি ফারেনহাইট) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

ফেয়ারব্যাংকস এলাকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পরিসংখ্যান আরও বলছে, ১৯৩৭ সালের নভেম্বরে সর্বোচ্চ তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৩৯ ডিগ্রি ফারেনহাইট) হয়েছিল।

সে সময় আবহাওয়াবিদরা মত দিয়েছিলেন, বেরিং সাগরে সক্রিয় ঝড়ের প্রবাহ এই উষ্ণ আবহাওয়ার একটি কারণ হতে পারে।

উটকিয়াগভিক
ছবি: সংগৃহীত

আকুওয়েদার বলছে, আগামী ২ আগস্ট সূর্যাস্ত হলেও সূর্য দিগন্তের এত কাছাকাছি থাকবে যে আকাশে গোধূলির আলো দেখা যাবে। প্রকৃত রাতের অন্ধকার ২১ সেপ্টেম্বরের আগে নামবে না।

এর আগে গত বছরের নভেম্বরে আলাস্কার উটকিয়াগভিক তাদের শেষ সূর্যোদয় দেখেছিল। এরপর শুরু হয় ‘পোলার নাইট’। পৃথিবীর অক্ষ হেলে যাওয়ায় ৬৪ দিন উটকিয়াগভিকে সূর্য দিগন্তের উপরে ওঠেনি। তবে এই সময় পুরোপুরি অন্ধকারে ডুবে যায় না উটকিয়াগভিক।

সাধারণত শীতের ভোর শুরুর আগে যেমন ম্লান নীলাভ আলো দেখা যায়, উটকিয়াগভিকে প্রতিদিন কয়েক ঘণ্টা তেমন দেখা যায়। এই আলো ‘সিভিল টোয়াইলাইট’ নামে পরিচিত। গত ২২ জানুয়ারি পর্যন্ত চলে পোলার নাইট।

ফেয়ারব্যাংকস থেকে প্রায় ৫০০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত বাণিজ্যিক কেন্দ্র উটকিয়াগভিকের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান পিগনিক। ধারণা করা হয় সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীতে তৈরি।

এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন আলাস্কা ও কানাডার প্রাগৈতিহাসিক সংস্কৃতির মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ১৮৯৩ সালে কেপ স্মাইথ একটি তিমি শিকার কেন্দ্র হিসেবে নির্মিত হয়েছিল। এটি আর্কটিক অঞ্চলের সবচেয়ে পুরোনো কাঠামোবিশিষ্ট ভবন।

১৯৫৮ সালে উটকিয়াগভিককে প্রথম শ্রেণির শহর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।