আগামী ২৪-৪৮ ঘণ্টায় ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
বুধবার বিকেলে প্রকাশিত এফএফডব্লিউসির সবশেষ প্রতিবেদনে দেশজুড়ে ভারী বর্ষণ ও ভারতের উজান এলাকায় মুষলধারে বৃষ্টিকে এর পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জের দিরাইয়ে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫৪ মিলিমিটার।
এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৪ ঘণ্টার অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১০টি জেলায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
এফএফডব্লিউসি ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্য অনুযায়ী, ৪০২ মিলিমিটার বৃষ্টিপাত চলতি বছরে দেশে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং সংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এফএফডব্লিউসি।
এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দুটি পর্যবেক্ষণ কেন্দ্রের নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এগুলো হলো¬-নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদী এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী।
সংস্থাটি সতর্ক করেছে, আগামী ২৪ ঘণ্টায় একাধিক নদী অববাহিকায় নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপরে চলে যেতে পারে, ফলে বন্যার ঝুঁকি অব্যাহত থাকবে।
উত্তর-পূর্বাঞ্চলে সুরমা-কুশিয়ারা অববাহিকার আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলা তাৎক্ষণিক বন্যা ঝুঁকিতে রয়েছে।
উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদী অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
এছাড়া ভুগাই-কংশ ও সোমেশ্বরী নদী অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।