পরিবেশ দূষণকারীদের নাম গণমাধ্যমে প্রকাশে হাইকোর্টের নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

পরিবেশ দূষণের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোর নাম ও পরিচয় গণমাধ্যমে প্রকাশ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে বলা হয়, দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে হবে, যেন জনগণ বিষয়টি সম্পর্কে জানতে পারে।

সেই সঙ্গে ২০২২ সালের এপ্রিলে পরিবেশ অধিদপ্তরের গৃহীত ‘সুনাম রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করার’ সিদ্ধান্তকে বেআইনি ও বাতিল ঘোষণা করেন আদালত।

ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় ঘোষিত হলো।

এইচআরপিবির পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহমেদ। 

বিষয়টি নিয়ে ২০২২ সালের ১৩ জুন হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলে সরকারকে ব্যাখ্যা দিতে বলা হয়, কেন এই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা ও দূষণকারীদের নাম প্রকাশের নির্দেশ দেওয়া হবে না। 

এরপর ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বরে শুনানি শেষে আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।