কালিয়াকৈরে ফিলিং স্টেশনের পাশের দোকানে ৩ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন একটি দোকানে অবৈধভাবে তিন হাজার লিটার ডিজেল মজুত রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতরাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকার মেসার্স এম এস ফিলিং স্টেশনসংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার দ্য ডেইলি স্টারকে জানান, বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার তথ্য ছিল। রাতেই সেখানে ঝটিকা অভিযান চালিয়ে ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি প্রতিরোধে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত শনিবার থেকে এ পর্যন্ত জেলায় সাতটি অভিযানে চারটি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।