খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপরে

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

উজানের ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) এই তথ্য জানিয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, ‘বাড়তে থাকা পানিতে জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে।’

এফএফডব্লিউসির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ১২৭টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৭৫টিতে পানির স্তর বাড়ছিল, ৪৬টি কেন্দ্রে পানির স্তর কমছিল এবং ছয়টিতে অপরিবর্তিত ছিল।