হবিগঞ্জ-মৌলভীবাজার

ধলাই ও খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ধলাই এবং খোয়াই নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও আউশ ফসলের মাঠ।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাধাপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে খোয়াই নদীর বাঁধের প্রায় ১০-১৫ মিটার অংশ ভেঙে যায়। এতে ভাঙ্গাবিল ও রোয়ারবিল হাওরসহ আশপাশের এলাকা প্লাবিত হয়।

বানিয়াচংয়ের রাধাপুর এলাকার বাসিন্দা মখলিসুর রহমান বলেন, রাতের অন্ধকারে হঠাৎ বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে। ঘুম থেকে উঠে দেখি ঘরের চারপাশে পানি থইথই করছে। এত দ্রুত পানি বাড়বে বুঝতেই পারিনি। ঘরের জিনিসপত্র, গবাদিপশু নিয়ে অনেক কষ্টে নিরাপদ জায়গায় যেতে হয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বাঁধটি কিছুটা নিচু ছিল, যা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এরপর আমরা ভাঙার খবর পাই।বন্যা

তিনি আরও বলেন, পানি নামার পর দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বুধবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোখাবিল এলাকায় ধলাই নদীর প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়ে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বল বাঁধের বিষয়ে আগে জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওলীদ জানান, বিএসএফের বাধার কারণে মোখাবিল অংশে পুরোপুরি কাজ করানো সম্ভব হয়নি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।