রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার বন্ধ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।

আজ বুধবার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া প্রায় অসম্ভব। বিভিন্ন উপজেলায় পাহাড়ি পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।'

এছাড়া বিভিন্ন উপজেলায় বেশ কিছু বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে বলেও জানান তিনি।