ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় রেললাইনের বিভিন্ন অংশ ১৫ ইঞ্চি পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
এতে ঢাকা থেকে চলাচলকারী দুটি এবং চট্টগ্রাম থেকে চলাচলকারী দুটি—মোট চার জোড়া ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে। ফলে শত শত যাত্রী ও পর্যটক দুর্ভোগে পড়েছেন।
বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল) তানভিরুল ইসলাম ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনের ওপর পানি নিরাপদ মাত্রায় না নামা পর্যন্ত ট্রেন চালানো সম্ভব নয়।
তিনি বলেন, ‘রেললাইনের ওপর তিন থেকে ছয় ইঞ্চি পানি থাকলে ট্রেন নিরাপদে চলাচল করতে পারে। কিন্তু আজ সকালে ষোলশহর ২ নম্বর গেট থেকে কালুরঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে পরিমাপ করে দেখা গেছে, কোথাও কোথাও পানির উচ্চতা ১৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছেছে।’
তানভিরুল ইসলাম আরও বলেন, ‘পানির উচ্চতা ছয় ইঞ্চির নিচে না নামা পর্যন্ত ট্রেন চালানোর ঝুঁকি নেওয়া যাবে না। কারণ এতে ইঞ্জিনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’
গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিস্থিতির আরও অবনতি হয়। মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় রেললাইন পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানান, বর্তমানে ষোলশহর থেকে জানালিহাট পর্যন্ত রেললাইনের বিভিন্ন অংশ প্রায় ১৫ ইঞ্চি পানির নিচে রয়েছে।
যাত্রীদের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।