হাসপাতালে কেমন আছেন সালমানের বাবা, জানালেন আমির
বলিউড অভিনেতা আমির খান জানিয়েছেন, কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান এখন স্থিতিশীল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে সেলিম খান হাসপাতালে ভর্তি আছেন। এই কঠিন সময়ে সালমান খান ও তার পরিবার চলচ্চিত্র শিল্প বন্ধুদের সমর্থন পেয়েছেন। তাদের মধ্যে আমির খানও ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, আমির খান হাসপাতালে গিয়ে সালমানের পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আমির নিশ্চিত করেন, সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সেলিম খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। কয়েকদিন পর আমির খান ও গৌরি স্প্র্যাট হাসপাতালে সেলিম খানের খোঁজ নিতে যান।
তবে প্রবীণ এই চিত্রনাট্যকার আইসিইউতে থাকায় আমির তার সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি। তবুও তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাঙ্গল অভিনেতা বলেন, ‘আমি সেলিম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। তিনি আইসিইউতে ছিলেন, তাই আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করতে পারিনি। তবে তার পরিবারের সঙ্গে বসেছিলাম।’
আমির আরও জানান, সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী জানিয়েছেন সেলিম খানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
শেষে আমির বলেন, তারা সবাই প্রার্থনা করছেন সেলিম খান যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।
কী হয়েছিল সেলিম খানের
সেলিম খানকে হাসপাতালে নেওয়ার দিন প্রথমে জরুরি বিভাগে (ক্যাজুয়ালটি) রাখা হয়। পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। এক চিকিৎসক জানান, তার শরীরে খিঁচুনি হচ্ছিল এবং রক্তচাপ অনেক বেশি ছিল। প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য তাকে ভেন্টিলেটরে রাখা হয়।
পরে একজন নিউরোসার্জন ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা করেন। এরপর সেলিম খানের শারীরিক অবস্থা স্থিতিশীল হয় এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।