ঈদের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’

স্টার অনলাইন রিপোর্ট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’ দর্শকদের পছন্দ হয়েছে।

গত ২১ মার্চ ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ফ্যামিলি ম্যান’। একদিনেই ৩০ লাখ ভিউ পেয়েছে ১ ঘণ্টা ৪৬ মিনিট দৈর্ঘ্যের এই ইউটিউব ফিল্ম। 

ইতোমধ্যে মোট ভিউয়ের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে।

‘ফ্যামিলি ম্যান’-এ মামুন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং নীলু চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। 

তারা এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’তে জুটি হয়েছিলেন।

সিদ্দিক আহমেদের লেখা গল্পে মামুন ও নীলু একে অপরকে ভালোবাসে। 

নীলুর বাবা-মা ধনী। মামুন ঢাকায় স্বল্প বেতনের চাকরি করে। গ্রামে তার মা, ছোট বোন ও দাদা। ঈদে তাদের জন্য নতুন পোশাক কেনার কথা ভেবে সাদামাটা ইফতার করে মামুন। সেহরিতে বাসি ভাত খায়। বোনাস না পেয়েও নিজের জন্য কিছু না কিনে সবার জন্য ঈদ উপহার নিয়ে গ্রামে যায় সে। 

একদিকে তার কাঁধে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নীলুর ভালোবাসা।

এভাবেই এগিয়েছে এই ইউটিউব ফিল্মের গল্প।