শাকিবের ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু, নায়িকা সাবিলা নূর
ঈদে মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। এর মধ্যেই নতুন সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।
আসন্ন কোরবানির ঈদের সিনেমা ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুদিন আগেই মালয়েশিয়ায় গেছেন শাকিব খান।
আজ মঙ্গলবার সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
জানা গেছে, আগামী ২৮ কিংবা ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে চলবে শুটিং। এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ন।
ছবিটির গল্প, নির্মাণশৈলী ও শাকিব খানের লুক—সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।
সিনেমায় শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। এর আগে তারা 'তাণ্ডব' সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন। শুটিংয়ে অংশ নিতে সাবিলা ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে। এছাড়াও আছেন তানজিয়া জামান মিথিলা।