বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন নিশো–পূজা

স্টার অনলাইন রিপোর্ট

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জুগিয়েছে  ‘দম’ চলচ্চিত্রের টিম।

গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে।

বাংলাদেশের ইনিংস শুরু হয় দুপুরে, বিকেলের দিকে গ্যালারিতে দেখা যায় ‘দম’ টিমের সদস্যদের। সাধারণ দর্শকদের সাথে বসে তারা ম্যাচটি উপভোগ করেন, ছবি তোলেন এবং বাংলাদেশ দলের প্রতিটি বাউন্ডারিতে উল্লাস প্রকাশ করেন। 

গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে আফরান নিশো ও পূজা চেরীকে নিয়ে ছিল  আগ্রহ।

পূজা চেরি ও আফরান নিশো। ছবি: সংগৃহীত
পূজা চেরি ও আফরান নিশো। ছবি: সংগৃহীত

 

আফরান নিশো বলেন, ‘মিরপুরের গ্যালারির গর্জন সবসময়ই অন্যরকম অনুভূতি দেয়।

আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা সরাসরি অনুভব করতে পেরে দারুণ লাগছে।’ 

নতুন সিনেমা ‘দম’ প্রসঙ্গে নিশো বলেন, ‘এটা সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। জয়ের গল্পও বলতে পারেন।’ 

পূজা চেরী জানান, ‘দম’ টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে তিনি  খুবই আনন্দিত।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ’দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। 

এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশ জিতেছে ১১ রানে। আগে ব্যাট করে বাংলাদেশের ২৯০ রানের পুঁজির পিছু ছুটতে গিয়ে ১৭ রানে ৩ উইকেট হারালেও সালমানের সেঞ্চুরিতে ২৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।