আইসিইউতে গায়ক আকবর

স্টার অনলাইন রিপোর্ট

কণ্ঠশিল্পী আকবরকে আজ শনিবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আকবরের মেয়ে অথৈ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র মাধ্যমে পরিচিতি পান আকবর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় আছেন। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলা হয়।

এর আগে, একাধিক শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা অনুদান দেন।

'তোমার হাত পাখার বাতাসে' গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ইত্যাদিতে গান গাওয়ার পর তার ভাগ্য বদলে যায়। তবে, অসুস্থতার কারণে দীর্ঘদিন স্টেজ-শো করতে পারছেন না তিনি।