হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

স্টার অনলাইন ডেস্ক

প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলেকে (৯২) সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, শনিবার এই সংগীতশিল্পীকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

খবরে বলা হয়েছে, আগের দিন তিনি হঠাৎ হৃদরোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হন। এরপর দ্রুত তাকে দক্ষিণ মুম্বাইয়ের ওই হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, তাকে জরুরি বিভাগে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষও এখনও পূর্ণাঙ্গ মেডিকেল বুলেটিন দেয়নি।

এদিকে, তার সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা। এর মধ্যে রয়েছেন অনুপম খের, শাবান আজমি, সঞ্জয় কাপুর।

আশা ভোসলে ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি হাজার হাজার গান গেয়েছেন এবং ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সুনাম অর্জন করেছেন।