ইসলামী ব্যাংকের এমডি

চাইলেন ২৪ দিনের ছুটি, পাঠানো হলো দেড় মাসের ‘ছুটিতে’

স্টার বিজনেস রিপোর্ট

শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বেশি সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।

আজ রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওমর ফারুক খানের অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে, কেন মো. ওমর ফারুক খানকে এই দীর্ঘ সময়ের জন্য ছুটিতে পাঠানো হলো, সে বিষয়ে স্পষ্ট করে বলছে না ব্যাংক কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, ওমর ফারুক খান প্রথমে ছুটির আবেদন করেছিলেন। তিনি ছেলের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ২৮ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত ছুটির আবেদন করেছিলেন।

কিন্তু ব্যাংকের পরিচালনা পর্ষদ তার ওই আবেদন সংশোধন করে ১৩ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ছুটি মঞ্জুর করে, যা তার আবেদনের সময়ের চেয়ে অনেক বেশি।

দীর্ঘ ছুটি মঞ্জুর হওয়ায় মো. ওমর ফারুক খান নিজেও কিছুটা অবাক।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমাকে কেন এত দীর্ঘ সময়ের জন্য ছুটি দেওয়া হয়েছে তা আমি বলতে পারছি না। আমি ২৮ এপ্রিল থেকে ছুটি চেয়েছিলাম।'

ওমর ফারুক খান গত বছরের ৩ আগস্ট ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিযুক্ত হন। এর আগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাবেক এমডি মোহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হলে তিনি ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

ওমর ফারুকের দীর্ঘ ছুটির বিষয়ে মন্তব্য জানতে ইসলামি ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমানকে কয়েকবার ফনা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, গত মাসে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিলকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বোর্ড ভেঙে দেওয়ার মাধ্যমে ইসলামী ব্যাংকে বিতর্কিত ওই শিল্পগোষ্ঠীটির আধিপত্যের অবসান ঘটে।