শিক্ষায় বাজেট বাড়িয়ে জিডিপির ২ শতাংশ করার প্রস্তাব
আগামী অর্থবছরের জন্য শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ সমপরিমাণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা।
গত অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ; ৮৭ হাজার ২০৬ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্রকাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।