বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’, কাল কনসার্ট সরাসরি দেখবেন যেভাবে
বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস প্রায় চার বছর বিরতির পর তাদের পঞ্চম অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করেছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সিউলে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন কনসার্টের আগ মুহুর্তে আজ শুক্রবার এই নতুন অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস।
এ অ্যালবামে সাত সদস্যের এই ব্যান্ডের শিকড় ও পরিচয় তুলে ধরা হয়েছে।

ব্যান্ড সদস্য জিমিন বলেন, ‘আমরা আমাদের পরিচয় নিয়ে গভীরভাবে ভেবেছি এবং সেটাকে সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।’
১৪টি গানের এই অ্যালবামে রয়েছে ‘হুলিগান’ ও ‘সুইম’ এর মতো জনপ্রিয় ট্র্যাক। অ্যালবামের নাম ‘আরিরাং’ নেওয়া হয়েছে একটি ঐতিহ্যবাহী কোরিয়ান লোকগান থেকে।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই জানিয়েছে, অ্যালবামটি প্রকাশের আগেই ৫০ লাখের বেশি মানুষ প্রি-সেভ বা আগে থেকেই নোটিফিকেশন চালু করে রেখেছে, যা কে-পপে রেকর্ড।
বড় মঞ্চে ফেরা
শনিবার সিউলের ঐতিহাসিক গওয়াংহওয়ামুন স্কয়ারে প্রায় চার বছর পর আবারও এক মঞ্চে হাজির হবেন বিটিএসের সাত সদস্য।

প্রায় ২ লাখ ৬০ হাজার দর্শক সেখানে উপস্থিত থাকার কথা। পাশাপাশি অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্স বিশ্বজুড়ে এই কনসার্ট সরাসরি সম্প্রচার করবে।
ব্যান্ডের নেতা আরএম রিহার্সালের সময় পায়ে চোট পেলেও পারফরম্যান্সে থাকছেন বলে জানা গেছে। চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে বললেও তিনি কনসার্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মঞ্চে তার নাচের কিছু অংশ সীমিত থাকবে।
ভক্তদের ভিড় সিউলে
কনসার্ট ঘিরে সিউলে এখন উৎসবমুখর পরিবেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্তরা সেখানে ছুটে আসছেন। শহরের রাস্তায় ও মোড়ে মোড়ে ব্যানারে ‘বিটিএস ও তার ভক্ত আর্মিকে স্বাগত জানানোর বার্তা।

সংগীত বিশ্লেষকরা বলছেন, নতুন অ্যালবামটি যেন দক্ষিণ কোরিয়ার প্রতি বিটিএস-এর এক ধরনের ‘ভালোবাসার চিঠি’ এবং তাদের এই প্রত্যাবর্তন সংগীত জগতে বড় প্রভাব ফেলতে পারে।
বিটিএস ও তার আর্মি
দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ৭ সদস্যের কে-পপ বয় ব্যান্ড—বিটিএস। বিশ্বব্যাপী এটি ‘বাংতান বয়েজ’ বা ‘বুলেটপ্রুফ বয় স্কাউট’ বা ‘বিওয়েন্ড দ্য সিন’ নামেও পরিচিত।
২০১০ সালে গঠিত হয় এই ব্যান্ড। সাত সদস্য হলেন—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জং কুক।

মনোমুগ্ধকর পারফরম্যান্সের জন্য তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় বিটিএস সদস্যরা।
বিলবোর্ড টপ ১০০-এ একাধিকবার ১ নম্বর স্থানে ছিল কে-পপ। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বিটিএস। তাদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—ডায়নামাইট, বাটার।
কে-পপ ব্যান্ড বিটিএসের ভক্তদের বলা হয় ‘আর্মি’। ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এই একনিষ্ঠ ভক্তদের সংখ্যা বিশাল।
ইনস্টাগ্রামে গ্রুপটির ফলোয়ার ৬ কোটি ও ইউটিউবে সাবস্ক্রাইবার আড়াই কোটির বেশি।
বিভিন্ন সোশ্যাল চার্টে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে বিটিএস ও তার আর্মি।