২৬ ফেব্রুয়ারি ১ কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দিতে বিশেষ কর্মসূচি

স্টার ডিজিটাল রিপোর্ট

আগামী ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দিতে বিশেষ কর্মসূচি পরিচালনা করবে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ ঘোষণা দেন।

তিনি বলেন, এর মাধ্যমে আমরা প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করব। বিশেষ কর্মসূচি শেষে দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম আরও জোরদার করা হবে।

টিকা না নেওয়া ব্যক্তিদের শিগগিরই টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, টিকা নেওয়া মানুষের মধ্যে মৃত্যুর হার ও হাসপাতালে ভর্তির হার কম। তাই আমরা সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাই।

গত মাসে সরকার ১১.৯২ কোটি বা মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা সংশোধন করে। এই লক্ষ্যমাত্র আগে ছিল ৮০ শতাংশ। সংশোধিত লক্ষ্যমাত্রায় গতকাল পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় ১০.০৬ কোটি মানুষ।