শিশুদের হৃদরোগের ঝুঁকি বাড়ছে

ডা. আব্দুল্লাহেল আমান, ডা. খাইনুর জাহান

গর্ভাবস্থার শুরুর দিকে ডায়াবেটিস ধরা পড়ে সামিনার। এর জন্য তিনি বেশ কিছু ওষুধ খেয়েছিলেন। কিন্তু তার রক্তে শর্করার মাত্রা পর্যাপ্ত নিয়ন্ত্রণে ছিল না।

প্রত্যাশিত সময়েই একটি নবজাতকের জন্ম দেন তিনি। শিশুটি অন্যান্য দিক থেকে সুস্থ ছিল। কিন্তু শ্বাসকষ্ট শুরু হওয়ার পাশাপাশি তার ঠোঁট ও জিহ্বা দ্রুত নীলচে হয়ে যায়। এরপর চিকিৎসক শিশুটির ইকোকার্ডিওগ্রাফি করেন এবং দেখতে পান, শিশুটির জন্মগতভাবেই হৃদরোগ রয়েছে।

গর্ভাবস্থায় দুর্বলভাবে নিয়ন্ত্রিত ডায়াবেটিসের পাশাপাশি মায়ের এমন অনেক সমস্যার কারণে নবজাতকের হার্টে কিছু ত্রুটি তৈরি হতে পারে। যাকে জন্মগত হৃদরোগ বা কনজেনিটাল হার্ট ডিজিজ (সিএইচডি) বলা হয়। বিশ্বব্যাপী, বিশেষ করে এশিয়ায় নবজাতকদের মধ্যে এই জন্মগত হৃদরোগের প্রকোপ বেড়েছে। রোগটি প্রাথমিক অবস্থায় শণাক্ত করা গেলে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পারলে ভালো ফল পাওয়া যায়। কিছু ক্ষেত্রে সূক্ষ্ম সার্জারির দরকার হয়।

আগে এই ধরনের সার্জারির জন্য বিদেশে যেতে হতো। কিন্তু এখন বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল এই ধরনের সমস্যা সমাধানে প্রায় স্বয়ংসম্পূর্ণ। এ ক্ষেত্রে নবজাতকের শ্বাসকষ্টের কোনো সমস্যা দেখা দিলে তাকে যতো দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিতে হবে।

প্রতি বছর ২৬ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করা হয়। হার্ট সংক্রান্ত রোগের বিষয়ে সবার মনোযোগ বাড়ানোই এর উদ্দেশ্য। যাতে বিশ্বব্যাপী মানুষ এমন বিষয়গুলো জানতে পারে যা হৃদরোগ সম্পর্কিত সচেতনতা বাড়ায়। যেমন- এর লক্ষণ, এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কী ব্যবস্থা নেওয়া যায় কিংবা আশপাশে যারা হৃদরোগে ভুগছেন তাদের কীভাবে সাহায্য করা যায়।

এবারের হার্ট দিবসের প্রতিপাদ্য ছিল 'ইউজ হার্ট টু কানেক্ট'। আমাদের জ্ঞান, সহানুভূতি ও প্রভাব ব্যবহারের মাধ্যমে আমরা যাতে এটা নিশ্চিত করতে পারি যে, আমাদের প্রিয়জন ও সমাজের মানুষ সুস্থ হার্ট নিয়ে জীবনযাপনের সর্বোত্তম সুযোগ আছে। এটা হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ স্থাপনের বিষয়। সেই সঙ্গে এটাও নিশ্চিত করা যে, আমরা যতটা সম্ভব আমাদের হৃদয়ের পরিচর্চা করব। আর প্রতি হৃদয়ের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য 'ডিজিটাল শক্তি' ব্যবহার করব।

 

ডা. আব্দুল্লাহেল আমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটোলজি বিভাগের চিকিৎসক। abdullahelamaan@gmail.com

ডা. খাইনুর জাহান বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপপরিচালক। khainoorzahan@gmail.com