লেবাননে ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার জবাবে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।

সংগঠনটি আজ শুক্রবার এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সম্প্রতি, এই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সহিংসতার ঘটনা ও অস্থিরতা বেড়েছে।

হিজবুল্লাহ আজ এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলি ঘাঁটির পাশে একটি খোলা মাঠের দিকে 'কয়েক ডজন' রকেট নিক্ষেপ করে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার জবাবে তারা এই হামলা চালায়।

এ রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী টানা দ্বিতীয় দিনের মতো লেবাননে হামলা চালিয়েছে।

সীমান্তের ওপার থেকে ১০টিরও বেশি রকেট নিক্ষিপ্ত হওয়ার পর, তাদের যুদ্ধ বিমানগুলো দক্ষিণ লেবাননে আঘাত হেনেছে বলে আজ শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে।

ইসরায়েল জানায়, বিমান বাহিনী এ মুহূর্তে 'লেবানন থেকে ছোঁড়া রকেটের উৎসস্থল খুঁজছে।'

ইসরায়েলের বিমানবাহিনী একটি টুইটার বার্তায় জানায়, 'লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ১০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগ রকেট আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে আর বাকিগুলো শেবা ফার্মস জেলার হার দোভ এলাকার আশেপাশে খোলা জায়গায় আঘাত হানে।'

ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর দখলে থাকা দক্ষিণ লেবাননের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

২০০৬ এর পর এবারই প্রথম টানা তিন দিন ধরে ইসরায়েল ও লেবাননের সীমান্তে সহিংসতা দেখা যাচ্ছে। সে বছর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক মাসব্যাপী যুদ্ধ হয়েছিল।