যুক্তরাষ্ট্রসহ ১০ পশ্চিমা রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার নির্দেশ এরদোয়ানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান দেশটিতে নিয়োজিত পশ্চিমা দেশের ১০ রাষ্ট্রদূতকে 'পার্সোনা নন গ্রাটা' বা 'অবাঞ্ছিত' ঘোষণার নির্দেশ দিয়েছেন।
তুরস্কে কারাবন্দী ওসমান কাভালার মুক্তির দাবি তোলায়, তাদের বিরুদ্ধে এরদোয়ান এ নির্দেশ দিয়েছেন বলে আজ শনিবার রয়টার্স জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতরা গত ১৮ অক্টোবর কাভালার মুক্তির আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন।
এর পরিপ্রেক্ষিতে এরদোয়ান বলেন, 'আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি এবং বলেছিলাম যে কী করতে হবে। অবিলম্বে এই ১০ জন রাষ্ট্রদূতকে "অবাঞ্ছিত" ঘোষণা করতে বলেছি।'
উত্তর-পশ্চিমাঞ্চলের এসকিশেহেরে এক জনসভায় তিনি বলেন, 'তাদের তুরস্ককে বুঝতে হবে। যেদিন তারা তুরস্ককে বুঝবে না, সেদিনই তাদের চলে যেতে হবে।'
যুক্তরাষ্ট্র, জার্মান ও ফরাসি দূতাবাস এবং হোয়াইট হাউজ এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্কারায় তাদের দূতাবাস এ বিষয়ে এখনও তুর্কি কর্তৃপক্ষের কোনো চিঠি পায়নি।
কাভালা গত ৪ বছর ধরে কারাগারে আছেন। তার বিরুদ্ধে বিক্ষোভে অর্থায়ন ও ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ আছে। তবে, তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।