বুর্জ খলিফার চূড়ায় এমিরেটসের বিজ্ঞাপনের শুটিং
ভূপৃষ্ঠ থেকে ৮২৮ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফার চূড়ায় দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস একটি বিজ্ঞাপন চিত্র ধারণ করে অনন্য এক রেকর্ড স্থাপন করেছে। বিজ্ঞাপনটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ইউনিফর্ম পরিহিত এমিরেটসের একজন কেবিন ক্রু।
বিজ্ঞাপনটি বর্তমানে এমিরেটসের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস জানায়, এর আগে মাত্র কয়েকজন সেলিব্রিটি বুর্জ খলিফার চূড়ায় আসার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে আছেন বিখ্যাত অভিনেতা টম ক্রুজ ও দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
বিজ্ঞাপন চিত্রের শুরুতে দেখা যায়, এমিরেটসের কেবিন ক্রু একটি মেসেজ বোর্ড প্রদর্শন করছেন, যা ২০০৩ সালের জনপ্রিয় চলচ্চিত্র 'লাভ অ্যাকচুয়ালি' এর একটি বিখ্যাত দৃশ্যকে মনে করিয়ে দেয়।
জুম-আউট করার সঙ্গে সঙ্গে দর্শকদের সামনে ভেসে ওঠে ইউনিফর্ম পরিহিত এক এমিরেটস কেবিন ক্রু বুর্জ খলিফার চূড়ায় একা দাঁড়িয়ে আছেন এবং ব্যাকগ্রাউন্ডে দুবাইয়ের মনোরম স্কাইলাইন।
বিজ্ঞাপন চিত্রের ৩০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটি শুটিংয়ের জন্য অট্টালিকার চূড়ায় প্রায় পাঁচ ঘণ্টা শুটিং টিমকে অবস্থান করতে হয়েছিল। এর শুটিং হয়েছে একটি ড্রোন দিয়ে। পুরোটা সময়জুড়েই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এমিরেটস।
বিজ্ঞাপনটির পরিকল্পনা ও পরিচালনা করেছে এমিরেটসের ইন-হাউজ ব্র্যান্ড টিম, সহযোগিতা করেছে দুবাইয়ে অবস্থিত প্রাইম প্রোডাকশন এএমজি।