বিমানবন্দর পরিচালনায় তালেবানের সঙ্গে তুরস্কের আলোচনা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, চলতি মাসের শেষে আন্তর্জাতিক বাহিনীর বিদায়ের পর কাবুল বিমানবন্দর পরিচালনায় সহায়তা করতে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা করেছে তার সরকার।
আজ বৃহস্পতিবার বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্কের কর্মকর্তারা তালেবানের সঙ্গে সাড়ে তিন ঘণ্টা ধরে আলোচনা করেছেন এবং পরামর্শ দিয়েছেন তুরস্কের জন্য বিমানবন্দর পরিচালনার সুযোগ উন্মুক্ত রাখতে। তবে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তালেবানরা নিরাপত্তার দায়িত্বে থাকবে।
কাবুল বিমানবন্দর কীভাবে পরিচালিত এবং সুরক্ষিত করা হয় সেই প্রশ্নটি আফগানিস্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জানিয়েছে, বিশ্বের সঙ্গে সম্পর্কের 'কিছুটা সাদৃশ্য রাখতে' আফগানিস্তানের জন্য তাদের অবশ্যই কাজ করতে হবে।
তুরস্ক ন্যাটোর সদস্য এবং দেশটিতে জোটের বাহিনীর অংশ ছিল। তারা গত ছয় বছর ধরে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করে আসছে।
কিন্তু, তালেবানরা চায় তুরস্কের সেনাসহ সব আন্তর্জাতিক বাহিনী আফগানিস্তান ছাড়ুক।
এরদোয়ান বলেছেন, আলোচনা হলেও বিমানবন্দরে উপস্থিত থাকার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।