পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ১ ফিলিস্তিনি নিহত

স্টার অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি সেনার গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ৩৮ বছর বয়সী ইমাদ আলী মোহাম্মদ দৈওকত বেইতা শহরে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হন এবং তাকে নিকটবর্তী নাবলুসের হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বেইতাতে অবৈধ ইসরায়েলি দখল এবং বসতি সম্প্রসারণের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ হয়ে আসছে এবং প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই এলাকায় বিক্ষোভে দাঙ্গার ঘটনা ঘটলে ইসরায়েলি বাহিনী পাল্টা সাড়া দিয়েছে। একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে এমন খবর আমরা শুনেছি।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বেইতায় আরও ২১ জন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। যাদের অধিকাংশকে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত শুক্রবার বেইতায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রায় ২৭০ জন ফিলিস্তিনি আহত হয়। তার আগের দিন ইসরায়েলি সেনার গুলিতে একজন ফিলিস্তিনি তরুণ নিহত হয়।