ইরানে হামলা চালাতে প্রস্তুত আছে ইসরাইল: বেনি গান্টজ

স্টার অনলাইন ডেস্ক

ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। তিনি ইরানকে 'বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা' বলে অভিহিত করেছেন।

আজ বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গত সপ্তাহে ওমান উপকূলে ইসরায়েল পরিচালিত একটি ট্যাঙ্কারে ড্রোন হামলার পর এই অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকায় এই মন্তব্য করলেন তিনি।

ইসরায়েল বলেছে, ট্যাঙ্কার মার্সার স্ট্রিটে হামলার পিছনে যে ইরান জড়িত মিত্রদের তার 'শক্তিশালী প্রমাণ' দিয়েছে তারা। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু না জানায়নি দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

তবে, তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, যদি অন্য দেশগুলো তার স্বার্থকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তারাও জবাব দেবে।

আল জাজিরা জানায়, বৃহস্পতিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রচারিত সাক্ষাৎকারে ইসরায়েল ইরানে হামলা চালাতে প্রস্তুত কিনা জানতে চাইলে গান্টজ তার জবাবে বলেন, 'হ্যাঁ।'

গান্টজ ওয়াইনেটকে আরও বলেন, ইসরায়েল একটি 'বহুমুখী' লড়াইয়ের জন্য প্রস্তুত, যার মধ্যে ইরানও থাকতে পারে।

গান্টজ বলেন, 'ইরান একটি বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ।'

তিনি আরও বলেন, 'আমাদের একাধিক সংঘাত মোকাবিলার ক্ষমতা বিকাশ অব্যাহত রাখতে হবে, কারণ এটাই ভবিষ্যৎ।'

তবে, তার বক্তব্য নিয়ে ইরানের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যদিও বুধবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ বলেন, যে সব দেশ ইরানকে হুমকি দিচ্ছে- বিশেষ করে ইসরায়েল- তাদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক ক্ষমতা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা থাকতে হবে।