ইরানে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, ৬ দিনের লকডাউন
ইরানের করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় ছয় দিনের দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরা জানায়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নেতৃত্বে জাতীয় করোনাভাইরাস বিরোধী টাস্ক ফোর্স শনিবার জানিয়েছে, সোমবার থেকে দেশব্যাপী লকডাউন শুরু হবে এবং শনিবার পর্যন্ত চলবে। এ সময় সব অফিস, ব্যাংক এবং অপ্রয়োজনীয় ব্যবসা বন্ধ করে দেওয়া হবে।
রবিবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত আন্তঃনগর ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে বলেও উল্লেখ করা হয়।
এই মাসের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি স্বাস্থ্য ব্যবস্থার পতন রোধে সামরিক বাহিনী কর্তৃক দুই সপ্তাহের জরুরি লকডাউন আহ্বান জানান।
কর্তৃপক্ষের ঢিলেমির কারণে দেশটিতে বেশ কয়েকটি লকডাউন সফল হয়নি। এখন দেখার বিষয় এই নতুন প্রচেষ্টা মহামারি রোধে অর্থবহ প্রভাব ফেলবে কিনা। দেশটিতে এখন ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটিতে করোনায় আরও ৪৬৬ জন মারা গেছেন এবং গত ২৪ ঘণ্টায় আরও ২৯,৭০০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সরকারিভাবে ঘোষিত মৃতের সংখ্যা ৯৭ হাজারের বেশি। তবে, কর্মকর্তারা বলেছেন, প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি।