আফগানিস্তানে স্থিতিশীলতার আহ্বান সৌদির
তালেবানরা গতকাল রাজধানী কাবুল দখলের পর সৌদি আরব আজ সোমবার তালেবান ও সব আফগান দলের প্রতি জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব কোনো হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের পছন্দের সঙ্গে আছে।
সৌদি আশা প্রকাশ করেছে, মধ্য এশিয়ার এই রাষ্ট্রের পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীল হবে।
এদিকে, বাহরাইন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অন্যান্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা শুরু করবে। সোমবার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
কাতার এখন পর্যন্ত একমাত্র জিসিসি দেশ যারা তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছে। তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা রদবদল এবং সমাধানের আহ্বান জানিয়েছে। কাতার অমীমাংসিত আফগান শান্তি আলোচনার আয়োজন করেছিল।