আইএসের প্রধান অর্থ ব্যবস্থাপককে গ্রেপ্তারের দাবি ইরাকের
জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান অর্থ ব্যবস্থাপক সামি জসিম আল-জাবুরিকে দেশের সীমানার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরাক।
সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এ বিষয়ে এক টুইটে জানান, ইরাকি ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস দেশের বাইরে এক জটিল অপারেশনের মাধ্যমে সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, মি. জসিম হাজি হামিদ নামেও পরিচিত। তিনি আইএসের সাবেক নেতা আবু বকর আল-বাগদাদির অধিনে আইএসের একজন উপনেতা ছিলেন।
সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
এফবিআই-এর রিওয়ার্ডস ফর জাস্টিস ওয়েবসাইট দাবি করেছে, সামি জসিম আল-জাবুরি আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এ ছাড়া, ইরাক ও সিরিয়ার অঞ্চলে জঙ্গি গোষ্ঠীর অর্থ সংগ্রহে অবৈধভাবে তেল-গ্যাস, পুরাকীর্তি ও খনিজ সম্পদ বিক্রির তদারকি করতেন।