‘সুইফট’ থেকে রাশিয়াকে বিচ্ছিন্নে সম্মত হওয়ায় ইউক্রেনের প্রধানমন্ত্রীর ধন্যবাদ
আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা 'সুইফট' থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হওয়ায় পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মাল।
Grateful for our friends from for:
— Denys Shmyhal (@Denys_Shmyhal) February 26, 2022
- commitment to removal of several Russian banks from #SWIFT;
- paralysis the assets of #Russia's central bank;
- prohibition for Russian oligarchs to use their financial assets on Euroatlantic markets.
এক টুইটবার্তায় তিনি বলেন, 'আমাদের সকল অংশীদারদের প্রতি কৃতজ্ঞ যাদের সঙ্গে আমি আজ কথা বলেছি।'
ডেনিস শ্মাল লিখেছেন, 'এই অন্ধকার সময়ে আপনাদের সমর্থন এবং সত্যিকারের সাহায্যের প্রশংসা করছি। ইউক্রেনের জনগণ এটি কখনই ভুলবে না!'
গতকাল 'সুইফট' থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো।
এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, পুতিন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের বিদেশে নাগরিকত্ব নেওয়া ঠেকাতে তথাকথিত 'গোল্ডেন পাসপোর্টের' বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জার্মান সরকারের একজন মুখপাত্র জানান, রাশিয়ান এসব ব্যাংকে বৈদেশিক অর্থ লেনদেন বন্ধ করাই তাদের এই উদ্যোগের মুল উদ্দেশ্য।
একটি দেশ থেকে আরেকটি দেশের ব্যাংকে আর্থিক লেনদেন করতে সুইফট ব্যবস্থা ব্যবহার করা হয়। তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়া যে অর্থ আয় করে, সেই অর্থ আদায়ে দেশটি সুইফটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
বেলজিয়াম ভিত্তিক সুইফট বিশ্বের ১১ হাজার আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে।
বিশ্বব্যাপী খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখলেও কোনো দেশের ওপর অবরোধ আরোপের আইনি ক্ষমতা নেই প্রতিষ্ঠানটির।