রিজার্ভ বাহিনীতে নাম লিখিয়েছেন সাবেক টেনিস তারকা সার্গেই স্টাখোভস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের সাবেক টেনিস তারকা সার্গেই স্টাখোভস্কি রিজার্ভ সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম স্কাই নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ হামলার আগে গত সপ্তাহে তিনি রিজার্ভ বাহিনীতে নাম লেখান।

গতকাল তিনি সংবাদমাধ্যমকে বলেন, সামরিক বাহিনীতে তার কাজের অভিজ্ঞতা নেই। তবে তিনি অস্ত্র চালাতে পারেন।

৩৬ বছর বয়সী এই তারকা চারবার এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) শিরোপা জেতেন। ২০১৩ সালে উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে রজার ফেদেরারকে হারিয়ে তিনি আলোচনায় আসেন।

স্টাখোভস্কি বলেন, 'আমি অবশ্যই লড়াই করবো। এ কারণেই ফিরে এসেছি।'

তিনি আরও বলেন, 'গত সপ্তাহে রিজার্ভে নাম লিখিয়েছি। সেনাবাহিনীতে কাজের অভিজ্ঞতা নাই। তবে বন্দুক চালাতে পারি।'

'আমার বাবা ও ভাই সার্জন। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বেজমেন্টে থাকছেন। কেউই বিশ্বাস করতে পারেনি এমনটি ঘটবে। অথচ তাই ঘটছে।'

এ ছাড়াও, সাবেক বক্সিং তারকা ভ্লাদিমির ক্লিটশকো চলতি মাসে ইউক্রেনের রিজার্ভ বাহিনীতে নাম লিখিয়েছেন। তিনি বলেছেন, 'দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় নিজেকে নিয়োজিত করেছি।'