বেলারুশে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির
বেলারুশের গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ রোববার রয়টার্স জানায়, জেলেনস্কি বলেছেন, 'ইউক্রেনে হামলায় রাশিয়ার সঙ্গে মিনস্ক নিজেই জড়িত।'
দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরের পরিবর্তে পোলান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তাম্বুল কিংবা বাকুতে বৈঠকের পরামর্শ দিয়েছেন জেলেনস্কি।
এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, 'আমরা কথা বলতে চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই।'
এর আগে, ক্রেমলিন জানায় যে, তার প্রতিনিধি দল বেলারুশের গোমেল শহরে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে প্রস্তুত এবং ইতোমধ্যে রাশিয়ার এক প্রতিনিধি দল গোমেলে পৌঁছে গেছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'রুশ প্রতিনিধি দলে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা আছেন।'
পেসকভ আরও বলেন, 'রুশ প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের জন্য অপেক্ষা করছি।'