বেলারুশে আলোচনা: ইউক্রেনকে সময় বেঁধে দিল রাশিয়া
বেলারুশের গোমেল শহরে ২ দেশের আলোচনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছে রাশিয়া।
আজ রোববার স্থানীয় সময় বিকেল ৩টার মধ্যে এ সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে ইউক্রেনের কর্মকর্তাদের।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে বলেছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত দেখবেন এবং ইউক্রেনের উত্তরের জন্য অপেক্ষা করবেন।
'আমরা নিশ্চিত হওয়ার সঙ্গেসঙ্গে দেরি না করে আলোচনার জন্য রওনা হব। আমরা শান্তির পক্ষে', মেদিনস্কি বলেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গোমেল শহরে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক, তবে তা রাশিয়ার মিত্রদেশ বেলারুশে নয়।