খারকিভে রুশ বাহিনী ঢুকে পড়েছে: ইউক্রেন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভে রুশ বাহিনী প্রবেশ করেছে বলে দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, হালকা সাঁজোয়াযান নিয়ে রুশ বাহিনী 'শহরে ঢুকে পড়েছে'।

ভিডিওতে দেখা গেছে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভের রাস্তায় রুশ সেনারা গাড়িতে চলাচল করছে।

তিনি বলেন, 'আশ্রয়কেন্দ্র ছাড়বেন না! ইউক্রেনের সশস্ত্র বাহিনী শক্রদের ধ্বংস করে দেবে। বেসামরিক লোকদের রাস্তায় না বের হওয়ার অনুরোধ করছি।'

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির অপর প্রতিবেদনে বলা হয়, খারকিভের রাস্তায় যুদ্ধ চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অপর ভিডিওতে দেখা যায়, শহরে রাশিয়ার অন্তত ২টি 'টাইগার' সামরিকযানে আগুন জ্বলছে। তবে বিবিসি সেই ফুটেজ যাচাই করে দেখতে পারেনি।